ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশকে অপমানিত করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। চ্যানেল-১২-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের সঙ্গে সংঘাত বন্ধের চলমান প্রচেষ্টার তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। লিবারম্যান স্পষ্টভাবে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতায় রেখে তাদের সঙ্গে যেকোনো ধরনের চুক্তি স্বাক্ষর করা ইসরাইলের জন্য চরম বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে হতে যাওয়া একটি সম্ভাব্য চুক্তির কথিত শর্তগুলোরও কড়া সমালোচনা করেন। এসব শর্তের মধ্যে জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করা এবং ইরানের তেল ও গ্যাস রপ্তানির ওপর থেকে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে লিবারম্যান অভিযোগ করেন যে, ট্রাম্প মূলত ‘নেতানিয়াহুর আশীর্বাদপুষ্ট’ হয়েই ইসরাইলকে অপমান করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই