খালেদা জিয়াকে বন্দি করে। তারেক রহমানকে নির্যাতন করে নির্বাসনে পাঠায়। অত্যাচার সইতে না পেরে মারা যান আরাফাত রহমান। পরবর্তীকালে নিঃস্ব, রিক্ত বিএনপি চেয়ারপারসন ফ্যাসিস্ট সরকারের কারাগারে নিক্ষিপ্ত হয়ে অসুস্থ হন। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে বাঁচিয়ে রাখতে অনিবার্যভাবেই নির্বাসনে থেকে দলের হাল ধরেন তারেক রহমান।
অত্যাচার ও শত প্রলোভনেও বিএনপির ঐক্য ভাঙতে পারেনি ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ। বিশেষ করে তৃণমূল নেতাকর্মীরা একাট্টা ছিলেন তারেক রহমানের ভার্চুয়াল নেতৃত্বে। মাঝেমধ্যে অবশ্য বিএনপির দুয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে সরকারি মাসোহারা নেওয়ার অভিযোগ ওঠে। তবে দল ছেড়ে যাওয়ার চিন্তা করেননি তারা। অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি এখন বড় এবং ঐক্যবদ্ধ দল। তাই বলে নির্ভার হওয়ার কিছু নেই। আওয়ামী লীগের মতো পুরোনো শত্রুর জায়গা নিচ্ছে জামায়াত। এককালের এই মিত্র আওয়ামী লীগের চেয়েও ভয়ংকর প্রোপাগান্ডা মাস্টার। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির এখন মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত। শুধু তাই নয়, তাদের কমন শত্রু আওয়ামী লীগের বিরুদ্ধেও দল দুটির দৃষ্টিভঙ্গি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। তারেক রহমান এবং বিএনপিকে প্রতিনিয়ত অনলাইনে আক্রমণ করছে জামায়াতের অনুসারী বটবাহিনী। বিএনপি অতীতেও মিডিয়া যুদ্ধে খুব একটা ভালো করতে পারেনি। গবেষণা ও উন্নয়ণ চিন্তার কেন্দ্র হিসেবে শুরু করলেও ‘হাওয়া ভবন’কে অভিশপ্ত বাড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ অ্যান্ড কোং। সে সময় গণমাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা। তারা বোঝাতে না পেরে মিডিয়াকে বোঝা মনে করত। অথচ, তারেক রহমান এবং গণমাধ্যমের মধ্যে একটি দুর্ভেদ্য প্রাচীর রচনা করে রেখেছিল সুবিধাভোগীরা। তারা তাকে ঘিরে দিন-রাত গুণগান করত গুনগুন করে। পটপরিবর্তনের পর প্রবাস থেকে অনেক উপদেষ্টা এসেছেন দেশে। তারা ব্যক্তিগত প্রচারের জন্য গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক রাখেন। কিন্তু দলের হয়ে সমন্বিত উদ্যোগ এখনো কার্যকর হয়নি। অনেক উচ্ছিষ্টভোগী মহৎ কাজের দায়িত্ব পেয়ে করে-কেটে খাচ্ছে। তবে দিনশেষে তারেক রহমানের বদনামের পাল্লা ভারী করে তারা।
রাজনীতিতে উত্তরাধিকার বা পরিবার প্রথা নিয়ে উচ্চকণ্ঠ সুশীল এবং নতুন রাজনীতিক সমাজ। আজকের অবস্থানে আসতে শুধু কাঠখড় নয়, নিজেকেও পোড়াতে হয়েছে তারেক রহমানকে। শুধু নিজের কারণে নয়, ভোগবাদী পারিষদবর্গের অতি ভক্তি ও ভোগের প্রায়শ্চিত্তও করতে হয়েছে তাকে। তার কমান্ডিং ভয়েস কমান্ডার পিতা জিয়াউর রহমানের কথা মনে করিয়ে দেয়। কালো সানগ্লাসের সমালোচনা মিষ্টি হাসি দিয়ে আড়াল করেছেন তিনি। এরকম ব্যক্তিগত অনেক সমালোচনা হয়তো ব্যক্তিত্ব দিয়ে ম্লান করে দেবেন আজকের পরিণত রাজনীতিবিদ তারেক রহমান। কিন্তু সহযাত্রী বাছাইয়ে ভুল করলে সহমরণে কাউকে পাওয়া যাবে না। ডান-বাম সবাইকে এক কাতারে এনেছিলেন জিয়া। তবে দেশ-জাতি ভুলে কোনো নেতাকে আরামে থাকতে দেননি তিনি। সাধারণ মানুষ তারেক রহমানকে সেভাবে দেখতে চান। যদিও তিনি নিজের পরিচয়ে বড় হতে চান। নামের সঙ্গে জিয়া বা কোনো বিশেষণ যোগ করতে নিষেধ করেছেন। ষাট বছরে পা দিয়েছেন তারেক রহমান। এবারও প্রবাসে থাকবেন। আগামীতে হয়তো দেশের গণমানুষের সঙ্গে জন্মদিনটা কাটাবেন। শুভ জন্মদিন, তারেক রহমান।

মানবিকতা আর নেতৃত্বের মেলবন্ধনে যে নামটি স্বতন্ত্র, তিনি তারেক রহমান। তাঁর আচরণ, কাজ আর মনের গভীর ভালোবাসা প্রতিনিয়ত প্রমাণ করছে, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রতিটি পদক্ষেপ যেন মানবতার নতুন এক অধ্যায় রচনা করছে। তারেক রহমান কেবল মানুষ নয়, প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত। দেশের বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্রের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অর্থায়নের মাধ্যমে প্রাণীদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা বিরল। বর্তমানে এই বিষয়টি খুব আলোচনায় এসেছে। মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে তাঁর পশুপাখি ও পরিবেশ প্রেমের বিভিন্ন দৃষ্টান্ত। বিএনপি নেতাকর্মীরা যখন ফ্যাসিস্ট সরকারের ক্রসফায়ারে প্রাণ হারিয়েছেন, তখন তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তিনি জমি কিনে বাড়ি তৈরি করে দিয়েছেন অসংখ্য পরিবারকে। কিছুদিন আগে নীলফামারিতে ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে গোলাম রাব্বানীর মেয়ে যখন কষ্টের কথ্য বলছিলেন, তারেক রহমানের চোখ ছলছল করছিল। যখন কেউ হারিয়েছে প্রিয়জন, তখন তারেক রহমান শুধু সহানুভূতির কথা নয়, তাদের জীবনের বড় দায়িত্বও নিয়েছেন। তিনজন নিহত নেতার মেয়ের বিয়ের আয়োজন থেকে শুরু করে পরিবারের দায়িত্ব নিয়েছেন। ২০১৪ সাল থেকে তিনি প্রতি মাসে ১৪৪টি পরিবারকে ভাতা প্রদান করছেন। দেড় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত সহায়তা পেয়ে এসব পরিবার বেঁচে থাকার সাহস পায়। কোনো প্রচার ছাড়াই তিনি নীরবে এই কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের প্রচেষ্টায় দেশে পরিচালিত হচ্ছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা। অসংখ্য মানুষ তাঁর কাছে নতুন জীবন পেয়েছে। এমনকি কৃত্রিম হাত-পা সংযোজন করিয়ে অনেক মানুষকে জীবনে ফিরে আসতে সাহায্য করেছেন তিনি। শীত আসলেই বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মী শীতবস্ত্র নিয়ে ছুটে যান তারেক রহমানের নির্দেশে। সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে আর অসহায় হতদরিদ্র মানুষদের পাশে ছুটে যাচ্ছে বিএনপির। নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও ‘আমরা বিএনপি পরিবার” এবং “জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। এই সকল কাজের তত্ত্বাবধানে সরাসরি নজর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ব্যক্তিগত আচরণ কথা বার্তায় চিন্তায় চেতনায়ও তিনি অনন্য। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে থেকে কতটা নির্যাতিত হয়েছেন, তিনি বিনা কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাঁর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেছেন, তাঁর ভাই জেলে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু তাঁর মাঝে বিন্দুমাত্র বিষোদগার নেই। কোনো শোরগোল করেন না। তিনি বলেছেন সকল নির্যাতনের জবাব ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চান। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রুপরেখা নিয়ে দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন। এই ৩১ দফা বাস্তবায়নের সবচেয়ে অপূর্ব ব্যাপারটি হচ্ছে, এই রুপরেখা তিনি সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক শক্তিকে একত্রিত করে তাদের পরামর্শ নিয়ে করেছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে এই ৩১ দফা নিরেট কিছু না, প্রয়োজন সংযোজন বিয়োজন করবেন। এটাই তাঁর রাজনৈতিক সহিষ্ণুতা এবং প্রজ্ঞার প্রমাণ। ৩১ দফায় কিছু বিষয় এসেছে যা তাঁর রাজনৈতিক ভাবনা এবংং মানবিক ভাবনার পরিচায়ক। তিনি বলেছেন পর পর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এমনকি যি কক্ষ বিশিষ্ট সংসদের কথাও বলেছেন। আর সকল দল মতকে জাতীয় সরকার বানাবেন বলে কথা দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বারবার বলছেন তিনি ক্ষমতায় যেতে চান না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চান। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান অন্তর্বরতী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তাঁর মতে, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। সরকারের প্রতি এমন আচরণ পুরো দেশের পথচলার জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন তাঁর নামের আগেপরে কোনো বিশেষণ দেওয়া যাবে না। তিনি নিজেই অনুরোধ করেছেন। ভালোবেসে তাঁকে অনেকেই দেশনায়ক ডাকতেন, রাষ্ট্রনায়ক ডাকতেন। সেই ডাকগুলো এখন ডাকতে মানা। কিন্তু সারাদেশের আনাচেকানাচে ছড়িয়ে থাকা যত শত সৈনিক তাঁর আছে, যাদেরকে তিনি মুক্তির স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতার সোপান দেখিয়েছেন, যুদ্ধের সাহস দিয়েছেন তাঁদের হৃদয়ের অন্তঃস্থলে, বুক পকেটে, মন পকেটে তো তিনি দেশনায়ক হয়েই থাকবেন। তৃণমূলের নেতাকর্মীদের জন্য তাঁর যে অগাধ ভালোবাসা সেই ভালোবাসা তাঁকে রাষ্ট্রনায়ক বানিয়েছে।