বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে আবারও জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। নতুন এই মূল্যতালিকা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুসরণ করা হয়েছে। ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই ফেব্রুয়ারি মাসের জন্য এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা: মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সমন্বয়কৃত নতুন দামগুলো হলো:
ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা।
অকটেন: প্রতি লিটার ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা।
পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা।
কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, পুনর্নির্ধারিত এই দাম ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে।