সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল ফিরে পাওয়ার পর নারীর অধিকার ও নিরাপত্তা ইস্যুতে নিজের ও দলের অবস্থান পরিষ্কার করে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি ছড়িয়ে পড়া বিভ্রান্তির জবাব দিতে তিনি দলের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে প্রথম দিন থেকেই নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
নারীদের নিয়ে জামায়াতের পরিকল্পনা পোস্টে তিনি জানান, তার দলের লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে নারীদের সক্রিয় ও সম্মানিত অংশগ্রহণের সুযোগ তৈরি করা। এ লক্ষ্যে দলের ইশতেহারে যেসব বিষয় থাকছে:
নারীদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান।
কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান বেতন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ।
সম্মানজনক পেশার জন্য নারীদের দক্ষতা বৃদ্ধি।
নারীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
ইশতেহার ঘোষণা ও স্লোগান জামায়াত আমির জানান, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পরিপূর্ণ নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করা হবে। পোস্টের শেষে তিনি একটি স্লোগান যুক্ত করে বলেন, ‘নারীর মর্যাদা রক্ষাকারী বাংলাদেশই এগিয়ে যাওয়ার বাংলাদেশ।’