কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ আশাও নিভে গেল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বরে থাকা আবেদনটির শুনানি সম্পন্ন হয়েছিল।
ঘটনার প্রেক্ষাপট ও আইনি লড়াই শুরুতে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। তবে একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ আনেন। এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল করে।
ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট দায়ের করেন। কিন্তু গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। আজ রোববার সর্বোচ্চ আদালত সেই আবেদনও খারিজ করে দেওয়ায় নির্বাচনের অযোগ্য হিসেবেই বিবেচিত হলেন বিএনপির এই সাবেক সংসদ সদস্য।