কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন একই আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, এই রায় প্রমাণ করে ঋণখেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত তারা পার পাবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের টাকা মেরে নির্বাচনের সিজনে যারা জনগণের সেবা করতে আসে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমি এই বিষয়টি কেবল একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে জয় হিসেবে দেখছি না; আমি দেখছি এটা ঋণখেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ ও সাধারণ জনগণের একটা যুদ্ধ।”
তিনি আরও বলেন, “আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এর মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এই বার্তা পেয়েছে যে—আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আইনের পথে থাকেন, তবে ব্যাংক ডাকাতরা যতই শক্তিশালী হোক না কেন, দিনশেষে জনগণেরই বিজয় হবে।”
নিজের আইনি লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাসনাত বলেন, “অন্য অনেক প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী হয়তো নিরাপত্তা ইস্যু বা এজেন্সির হয়রানির ভয়ে এই ঋণখেলাপির বিষয়টি সামনে আনেননি। আমি যখন মামলা করলাম, আমার আইনজীবীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। আমাকেও দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কখনও কোনো ভয়ভীতির কাছে মাথানত করবে না।”
মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণের বিষয়ে তিনি বলেন, “একজন মানুষ ২০০৪-০৫ সালে ১৩০ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে ২০২৬ সালে এসেও তা পরিশোধ করেননি। তিনি বারবার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। অথচ একই ঘটনায় ২০০৮ সালেও তিনি নির্বাচন করতে পারেননি।”