বাংলাদেশে গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে মব সন্ত্রাস বা গণপিটুনিতে নিহতের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। একই সঙ্গে উদ্বেগজনক হারে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সদ্য প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে শনিবার এই মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ প্রকাশ করে সংগঠনটি।
গণপিটুনি ও বিচার ব্যবস্থা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে ২৮টি গণপিটুনির ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। যেখানে গত ডিসেম্বরে ২৪টি ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১০ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এমএসএফের পর্যবেক্ষণ বলছে, আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা মূলত ফৌজদারি অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। এই প্রবণতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হিসেবে আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছে সংগঠনটি।
অজ্ঞাত লাশ ও কারা হেফাজতে মৃত্যু জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৭টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৪৮টি। মানবাধিকার সংগঠনটির মতে, অজ্ঞাত লাশের সংখ্যা বৃদ্ধি সমাজে সহিংসতা, গুম ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা বাড়াচ্ছে। এছাড়া কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে; ডিসেম্বরে যা ছিল ৯ জন, জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
রাজনৈতিক মামলা ও সহিংসতা প্রতিবেদনে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেফতারের হার কমলেও মামলার আসামির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে।
গ্রেফতার: ডিসেম্বরের ১৬ জন থেকে কমে জানুয়ারিতে ৮ জন হয়েছে।
আসামি: নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৩০ থেকে বেড়ে ১২০ এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১১০ থেকে বেড়ে ৩২০ হয়েছে।
এমএসএফ মনে করে, এই পরিসংখ্যান রাজনৈতিক প্রতিহিংসা ও ‘গণমামলার’ প্রবণতার ইঙ্গিত দেয়, যা আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ১ থেকে বেড়ে ৪ জন হয়েছে এবং আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।
সংখ্যালঘু নির্যাতন ও পুলিশি হেফাজত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও জানুয়ারিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর এবং মামলার মতো ১৫টি ঘটনা ঘটেছে, যা ডিসেম্বরে ছিল মাত্র ৪টি। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুজনের মৃত্যু এবং গোলাগুলিতে একজনের নিহতের ঘটনা ঘটেছে। এমএসএফ সতর্ক করে বলেছে, হেফাজতে নির্যাতন এখনো একটি কাঠামোগত সমস্যা হিসেবে রয়ে গেছে।