শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক / ৬৬ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করে, নির্বাচনের মতো একটি জটিল রাজনৈতিক কর্মযজ্ঞে শিক্ষার্থীদের জড়ালে তারা এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, “অল্প বয়সী ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এতে তারা এবং তাদের প্রতিষ্ঠান বিতর্কের মুখে পড়তে পারে। তাই তাদেরকে এই প্রক্রিয়ার বাইরে রাখাই শ্রেয়।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনে যাদের কথা উল্লেখ আছে, কেবল তাদেরই নির্বাচনী কাজে রাখা উচিত। ছাত্রদের পর স্কাউটদের যুক্ত করার বিষয়েও আলোচনা হতে পারে বলে তারা জানতে পেরেছেন। তবে কমিশন বিএনপির এই যুক্তি মেনে নিয়ে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছে।

নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, “শান্তি কমিটি শব্দটি আমাদের কাছে অত্যন্ত অপ্রিয়। তবে কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত তারা নেয়নি।” এছাড়া নির্বাচনী এলাকায় বহিরাগত নেতাকর্মীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

প্রায় ৫৫ হাজার স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “এর মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠান রয়েছে। যাদের সক্ষমতা আছে, কেবল তাদেরই পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া উচিত। অতিরিক্ত পর্যবেক্ষক যেন নির্বাচনী কাজে বিঘ্ন না ঘটায়, সেদিকে নজর রাখতে হবে।”

ভোটার মাইগ্রেশন নিয়ে তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে ঢাকা মহানগরসহ বিভিন্ন স্থানে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। অনেক ক্ষেত্রে একটি হোল্ডিং নম্বরে ৪-৫ জনের পরিবর্তে ২০-৩০ জন ভোটার থাকার অভিযোগ রয়েছে। কমিশনের দেওয়া তথ্যে (২-৩ হাজার মাইগ্রেশন) সন্তুষ্ট না হয়ে বিএনপি এ বিষয়ে আসনভিত্তিক সঠিক তদন্ত দাবি করেছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী এলাকায় ‘ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ থাকলেও সাধারণ মানুষ বা প্রার্থীরা এ বিষয়ে তেমন জানেন না। এই কমিটির কার্যক্রম দৃশ্যমান করার আহ্বান জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবিধানিক ভূমিকা পালনের আহ্বান জানায় বিএনপি।

এর আগে দুপুরে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।


এ জাতীয় আরো খবর...