দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করাকে ‘খুবই কঠিন কাজ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “আপনারা সবসময় বলেন আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। কিন্তু দেখেন, এখানে আপনারা যে কয়জন সাংবাদিক আছেন, আপনাদের কথা বলা বন্ধ করতেই অনেক সময় লেগে যায়। সেখানে দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট (কঠিন) কাজ।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। নির্বাচনের সময় কোনো ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ এখানে সমন্বিতভাবে কাজ করছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
বিগত সরকারের আমলের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে যে স্বাধীনতা দেখা যাচ্ছে, তা অতীতে ছিল না। আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রশ্ন করার সাহস পেতেন না, কিন্তু এখন সেই ভয়ের পরিবেশ কেটে গেছে।
ইন্টারনেট বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন এবং মত প্রকাশ করবেন।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।