আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘নির্বাচন রিপোর্টিং’ বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
১৯৯১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, “সে সময় জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয়, এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে।” অতীতের নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “কোনো নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা সম্ভব হয়নি, কোথাও না কোথাও ঝামেলা ছিল। এবারও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।” নির্বাচনকালীন সহিংসতা রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিদেশিদের জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‘হ্যাঁ’ ভোট বা গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুরুতে হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে জামায়াত ও এনসিপি আগেই এর পক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন। মানুষ সাধারণত দলের কথা শুনেই ভোট দেয়। যেহেতু বড় বড় দলগুলো একমত, তাই হ্যাঁ ভোট খুব সহজেই সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস।”
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে ভিসা ও সাধারণ পাসপোর্ট দ্রুত পেতে কোনো কোনো উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে হস্তান্তর করেছেন। তবে তিনি নিজে এখনো পাসপোর্ট জমা দেননি। এছাড়া নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপাতত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।