দীর্ঘ ২২ বছরের বিরতি ভেঙে আজ সোমবার নির্বাচনী সফরে খুলনা বিভাগে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। হেলিকপ্টারযোগে তিনি খুলনা ও যশোরে দুটি পৃথক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ২০০৪ সালের পর খুলনায় এটি তার প্রথম সফর। এছাড়া যশোরে এবারই প্রথমবারের মতো জনসভায় অংশ নিচ্ছেন তিনি।
সফরের সময়সূচি
দলীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টায় খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে তিনি যশোরের উদ্দেশে রওয়ানা হবেন। এরপর যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।
নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রস্তুতি
বিএনপি চেয়ারপারসনের এই সফরকে ঘিরে খুলনা ও বৃহত্তর যশোর অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। শহর ও জনসভাস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। গত কয়েক দিন ধরেই চলছে আনন্দ মিছিল ও প্রচারণা।
খুলনা মহানগর বিএনপি জানিয়েছে, প্রভাতী স্কুল মাঠের জনসভায় ৫ থেকে ৮ লাখ লোক সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, তারেক রহমান তার বক্তব্যে দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরবেন। এর মধ্যে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন বিকাশ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস সংযোগ নিশ্চিত করা এবং নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়গুলো প্রাধান্য পাবে।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, “এই জনসভা কেবল নির্বাচনী সমাবেশ নয়, বরং এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”
প্রথমবারের মতো যশোরে তারেক রহমান
এদিকে, যশোরে তারেক রহমানের এটিই প্রথম সফর। এ নিয়ে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াসহ সাত জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু ও অনিন্দ্য ইসলাম অমিত আশা প্রকাশ করেছেন, উপশহর মাঠ ছাপিয়ে পুরো যশোর শহর জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জন দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
নিরাপত্তা ব্যবস্থা
বিএনপি চেয়ারপারসনের আগমন ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, সমাবেশে আসা-যাওয়ার পথ এবং সার্বিক পরিস্থিতি পুলিশের কড়া নজরদারিতে থাকবে। জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর গত শনিবার পর্যন্ত তিনি দেশের বিভিন্ন স্থানে ১৯টি সমাবেশে বক্তব্য দিয়েছেন।