দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিটের বিষয়বস্তু ও শুনানি
রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিল।
অভিযোগ ও কাইয়ুমের বক্তব্য
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এম এ কাইয়ুমের বিরুদ্ধে ‘রিপাবলিক অব ভানুয়াতু’র নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে গত ১৯ জানুয়ারি এক বিবৃতির মাধ্যমে ড. কাইয়ুম এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেন।
তিনি বলেন, “ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।” ভাইরাল হওয়া নথিপত্র সম্পর্কে তিনি জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া নথির স্বাক্ষর তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মেলে না এবং সেগুলো সম্পূর্ণ জাল।
কুমিল্লা-৪ আসনের প্রেক্ষাপট
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।