পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।
অভিযোগের বিবরণ
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছিলেন।
মামলার অন্যান্য আসামি
দুদকের এই মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বাইরেও সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই তালিকায় আছেন। অভিযুক্ত অন্যান্যরা হলেন: সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ এবং সচিব কাজী ওয়াছি উদ্দিন।
এছাড়া রাজউকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপপরিচালক নায়েব আলী শরীফ।