ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সহিংসতার ১৭ মাসের খতিয়ান
প্রতিবেদনে গত ১৭ মাসের রাজনৈতিক সহিংসতার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়:
মোট সহিংসতার ঘটনা: ৬০০টি।
নিহত: ১৫৮ জন রাজনৈতিক কর্মী।
আহত: ৭ হাজার ৮২ জন।
রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫৫০টি ঘটনায় (৯১.৭%) বিএনপি, ১২৪টি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (২০.৭%) এবং ৪৬টি ঘটনায় (৭.৭%) জামায়াতে ইসলামী সম্পৃক্ত ছিল।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার উদ্বেগ
টিআইবি জানায়, শুধু ২০২৫ সালেই ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে ১ হাজার ৩৩৩টি নিখোঁজ অস্ত্র, ডিপফেক ও ভুল তথ্যের প্রচার এবং সংখ্যালঘুদের ওপর পঞ্চাশের বেশি হামলার ঘটনা।
অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে অভিহিত করেছে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, দেশে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতা অব্যাহত রয়েছে।
অর্থনীতিতে নেতিবাচক প্রভাব
রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। টিআইবির তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগ ছিল ৬৭ কোটি ডলার। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৫৫ কোটি ডলারে নেমে এসেছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।