আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতটি পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই মহিমান্বিত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত।
শবে বরাতের তাৎপর্য
‘শবে বরাত’ শব্দটি ফারসি। এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি বা সৌভাগ্য। আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্য রজনী। ইসলামি বিশ্বাস ও হাদিসের ভাষ্য অনুযায়ী, এই পবিত্র রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। তিনি বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
ইবাদত-বন্দেগি
মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারে মগ্ন থাকেন। মুসল্লিরা তাদের অতীতের পাপ ও অন্যায়ের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
এছাড়া মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র এবং সমগ্র বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্যও এই রাতে বিশেষ দোয়া করা হয়।
রোজা পালন
শবে বরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত। এ কারণে ধর্মপ্রাণ মুসলমানরা এ উপলক্ষে সাধারণত দুই দিন নফল রোজা পালন করে থাকেন।