ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র ৯ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রচারণার পাশাপাশি নির্বাচনী ইশতেহার ঘোষণায় ব্যস্ত সময় পার করছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ৩০ জানুয়ারি তাদের ইশতেহার ঘোষণা করলেও, মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী এ সপ্তাহেই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।
বিএনপির ইশতেহারে যা থাকছে
বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করলেও ঘোষণার দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি। আগামীকাল মঙ্গলবার ইশতেহার ঘোষণা হতে পারে বলে গুঞ্জন থাকলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দু-একদিনের মধ্যে সঠিক সময় জানানো হবে।
দলের সংশ্লিষ্ট সূত্র ও নীতিনির্ধারকদের তথ্যমতে, বিএনপির ইশতেহার সাজানো হয়েছে মূলত চারটি বিষয়কে ভিত্তি করে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, তারেক রহমানের ৩১ দফা এবং জুলাই সনদের ইতিবাচক প্রস্তাবনা।
ইশতেহারে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে:
ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিটি পরিবারে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপণ্য পাওয়া যাবে। কৃষকদের জন্য থাকবে স্বল্পমূল্যে সার ও বীজের সুবিধাসহ ‘কৃষক কার্ড’।
কর্মসংস্থান: নির্বাচিত হলে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির রাজনৈতিক অঙ্গীকার থাকছে। এছাড়া যুক্তরাজ্যের আদলে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা: শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা এবং কর্মমুখী ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হবে।
অন্যান্য: ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নবায়নযোগ্য শক্তি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি থাকছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, তারেক রহমানের ‘আই হ্যাভ অ্যা প্লান’ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
জামায়াতে ইসলামীর ইশতেহার ভাবনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়। একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের ইশতেহার ঘোষণা করবে। জামায়াতের ইশতেহারটি মূলত তাদের সম্প্রতি অনুষ্ঠিত ‘পলিসি সামিট ২০২৬’-এর আলোকে তৈরি করা হয়েছে। ৬ হাজার পৃষ্ঠার পলিসি সামিটের সারসংক্ষেপ নিয়ে ৪০ থেকে ৫০টি পয়েন্টে ইশতেহার সাজানো হয়েছে।
জামায়াতের ইশতেহারে যেসব বিষয় থাকছে:
মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা: সরকারের প্রতিটি মন্ত্রণালয় নিয়ে আলাদা আলাদা শর্ট ও ব্রড পরিকল্পনা তুলে ধরা হবে।
স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ: চিকিৎসার জন্য যাতে ঢাকায় আসতে না হয়, সেজন্য প্রতিটি বিভাগীয় শহরে আধুনিক যন্ত্রপাতিসহ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা থাকবে।
শিক্ষা ও দক্ষতা: বিনামূল্যে শিক্ষা এবং মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষায় স্পন্সর করার প্রতিশ্রুতি থাকবে। এছাড়া বিদেশগামীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নারী উন্নয়ন: নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার পরিকল্পনা থাকছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, যা বাস্তবায়ন সম্ভব নয়, এমন কোনো অবাস্তব প্রতিশ্রুতি ইশতেহারে থাকবে না। দলটি প্রিন্ট ও ভার্চুয়াল মাধ্যমে তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে।