রাজধানী খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি মেরাদিয়া পোড়াবাড়িতে থাকতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।