পশ্চিমবঙ্গের কলকাতার এক অভিজাত শপিং মল। সেখানকার ফুডকোর্টের কোলাহলপূর্ণ পরিবেশে এক টেবিলে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্টফুড। আপাতদৃষ্টিতে সাধারণ আড্ডা মনে হলেও, এই টেবিলটি ঘিরে চলছে গভীর রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা। যারা বসে আছেন, কিছুদিন আগেও তারা ছিলেন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। অথচ আজ তারা পলাতক, দেশত্যাগী এবং নিজ দেশে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে রয়েছে মানবতাবিরোধী অপরাধ, গুম, খুন, রাষ্ট্রদ্রোহ এবং হাজার কোটি টাকা অর্থ পাচারের মতো গুরুতর সব অভিযোগ। কিন্তু সীমান্তের ওপারে বসে, ভারতীয় আতিথেয়তায় তারা বুনছেন বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন, কষছেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার ছক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে পলাতক আওয়ামী লীগ নেতাদের এই গোপন তৎপরতার বিশদ চিত্র।
পতনের ১৬ মাস ও রক্তাক্ত প্রস্থান
ঘটনার সূত্রপাত ১৬ মাস আগে। এক নাটকীয় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের। সেই প্রস্থান ছিল বিশৃঙ্খল এবং ভীতিজাগানিয়া। ক্ষুব্ধ জনতার স্রোত যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন কোনো রকমে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পেছনে ফেলে যান এক রক্তাক্ত ইতিহাস। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই গণঅভ্যুত্থান দমনে হাসিনা সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় ১৪০০ মানুষ নিহত হন।
হাসিনার পলায়নের পরপরই দেশজুড়ে শুরু হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর জনতার রোষ। একদিকে জনরোষ, অন্যদিকে মামলার খড়গ—এই দুইয়ের ভয়ে হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়তে বাধ্য হন। দ্য গার্ডিয়ান-এর তথ্যমতে, বর্তমানে আওয়ামী লীগের অন্তত ছয় শতাধিক শীর্ষ ও মাঝারি সারির নেতা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের কলকাতায় আশ্রয় নিয়েছেন। গত ১৬ মাস ধরে তারা সেখানেই আত্মগোপনে থেকে দল গোছানোর চেষ্টা করছেন।
কলকাতার ফুডকোর্ট থেকে দিল্লির সেফ হাউজ
কলকাতায় আশ্রয় নেওয়া এসব নেতাদের দিন কাটে শপিং মলের আড্ডায় আর গোপন বৈঠকে। তবে তাদের মূল ‘পাওয়ার হাউস’ বা ক্ষমতার কেন্দ্র এখন ভারতের রাজধানী দিল্লিতে। সেখানে কঠোর নিরাপত্তায় ঘেরা ভারত সরকারের একটি গোপন আশ্রয়স্থলে (সেফ হাউজ) অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি দলের নিয়ন্ত্রণ বজায় রাখছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিনের বেশির ভাগ সময় ব্যয় করেন বাংলাদেশে আত্মগোপনে থাকা এবং কলকাতায় আশ্রয় নেওয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুম বা অন্যান্য ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে। ভারত সরকার, যারা শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তাদের কড়া নজরদারির মধ্যেই এসব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) অনুরোধ জানানো হলেও, ভারত সরকার তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে চলেছে বলে অভিযোগ রয়েছে।
নির্বাচন বানচালের নীলনকশা
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার পতনের পর এটিই দেশের প্রথম নির্বাচন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নির্বাচনকে ‘গত এক দশকের মধ্যে সেরা নির্বাচন’ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ বা প্রচারণায় নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের মে মাসে জনগণের চাপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে এবং তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
নিষিদ্ধ হলেও হাল ছাড়েননি শেখ হাসিনা। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, তিনি ভারতে বসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। হাজার হাজার সমর্থককে সংগঠিত করে ভোটের দিন অরাজকতা সৃষ্টি করার নির্দেশনা দিচ্ছেন তিনি। তার লক্ষ্য পরিষ্কার—অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং নিজেকে অপরিহার্য হিসেবে তুলে ধরা। শেখ হাসিনার সাবেক মন্ত্রী ও দলের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, “আমরা আমাদের কর্মীদের নির্বাচন থেকে বিরত থাকতে এবং সকল প্রচারণা ও ভোট বর্জনের আহ্বান জানিয়েছি।” তার এই বক্তব্যে স্পষ্ট যে, আওয়ামী লীগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সর্বশক্তি নিয়োগ করছে।
নেতাদের দম্ভ ও বাস্তবতার ফারাক
কলকাতার বিলাসবহুল ভিলা বা অ্যাপার্টমেন্টে বসে থাকা আওয়ামী লীগের অধিকাংশ নেতার মধ্যেই নিজেদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা বা অনুতাপ দেখা যাচ্ছে না। তারা এখনো বিশ্বাস করেন, তাদের ক্ষমতাচ্যুতি কোনো গণবিপ্লব ছিল না, বরং এটি ছিল একটি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’।
কলকাতার উপকণ্ঠে একটি উচ্চ-নিরাপত্তাসম্পন্ন ব্যক্তিগত ভিলায় বসে দ্য গার্ডিয়ান-কে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু তিনি এসব অভিযোগ হেসে উড়িয়ে দিয়ে বলেন, “বানোয়াট, বানোয়াট, সব বানোয়াট।” তার মতে, “ওটি কোনো স্বাভাবিক বিপ্লব ছিল না, আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র”।
তাদের ফেরার পরিকল্পনা পুরোটাই নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার ওপর। তারা মনে করছেন, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা আনতে পারবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবারও আওয়ামী লীগের দিকেই ফিরে আসবে।
ভিন্ন সুর ও দুর্নীতির স্বীকারোক্তি
তবে সবার কণ্ঠে একই রকম দম্ভ নেই। কেউ কেউ আত্মসমালোচনার সুযোগও নিচ্ছেন। কলকাতায় অবস্থানরত সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় দ্য গার্ডিয়ান-এর কাছে দলের কিছু ভুলের কথা স্বীকার করেছেন, যা সচরাচর আওয়ামী লীগ নেতাদের মুখে শোনা যায় না। তিনি বলেন, “আমি স্বীকার করি আমরা কেউ ফেরেশতা ছিলাম না। আমরা কর্তৃত্ববাদী ছিলাম, পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না।” ২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি একমত যে ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি কার্যকর ছিল না। আমরা আশা করেছিলাম সেটি আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারত, যা দুর্ভাগ্যবশত হয়নি”।
দুর্নীতি প্রসঙ্গেও তিনি কিছুটা নমনীয়। তানভীর শাকিল জয় স্বীকার করেন, “নিশ্চয়ই কিছু অনিয়ম ছিল। এমন কিছু আর্থিক লেনদেন হয়েছে যা হওয়া উচিত ছিল না এবং তার দায় আমাদের নিতেই হবে।” তবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আনুমানিক ২০০ কোটি ডলার (প্রায় ২ হাজার কোটি টাকা) পাচারের যে অভিযোগ রয়েছে, তা তিনি অস্বীকার করেন।
জয় বিশ্বাস করেন, তাদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। যদিও তিনি জানেন দেশে ফিরলে তাকে কারাবরণ করতে হতে পারে। তার ভাষায়, “বর্তমানে আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ। তবে আমি মনে করি না এই অবস্থা খুব বেশিদিন থাকবে”।
মৃত্যুদণ্ডাদেশ ও হাসিনার অডিও বার্তা
গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার শাসনামলের শেষ পর্যায়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করে। কিন্তু এই রায়কে শেখ হাসিনা রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে দেখছেন না। বরং তিনি রায় প্রত্যাখ্যান করে নির্লজ্জভাবে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে শেখ হাসিনা দিল্লিতে বসে একটি অডিও বার্তা প্রকাশ করেন, যা ছিল তার পতনের পর প্রথম প্রকাশ্য রাজনৈতিক ভাষণ। সেখানে তিনি আগামী নির্বাচনের তীব্র সমালোচনা করেন এবং ড. ইউনূসের বিরুদ্ধে ‘জোরপূর্বক ক্ষমতা দখল’ ও বাংলাদেশকে ‘রক্তস্নাত রাষ্ট্রে’ পরিণত করার অভিযোগ আনেন। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় রাজধানীতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য একটি স্পষ্ট অবমাননা।” তবে ভারত সরকার এই বিবৃতির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।
সাদ্দাম হোসেনের ভীতি ও দিল্লি সফর
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যার সংগঠনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তকমা দিয়েছে, তিনিও কলকাতায় অবস্থান করছেন। তবে তিনি মাঝেমধ্যেই কলকাতা থেকে দিল্লি গিয়ে সরাসরি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেন। সাদ্দাম দ্য গার্ডিয়ান-কে বলেন, “আমাদের নেতা শেখ হাসিনা বাংলাদেশে থাকা নেতাকর্মী, দলীয় নেতা এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি আমাদের দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন।”
সাদ্দামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেন। কেন তারা দেশে না ফিরে ভারতে অবস্থান করছেন—এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, “আমরা কারাগারের ভয়ে কলকাতায় থাকি না। আমরা এখানে আছি, কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে”।
ভূ-রাজনীতির নতুন সমীকরণ
আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দান এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। একটি স্থগিত রাজনৈতিক দলের কার্যক্রম নিজেদের মাটি থেকে পরিচালনা করতে দেওয়া এবং বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতকদের নিরাপদ আশ্রয় দান—ভারতের এই ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন উঠছে। শেখ হাসিনার পতনের পর থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে, তা এই ঘটনার মধ্য দিয়ে আরও গভীর হয়েছে।
অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সমালোচনা
অন্যদিকে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে নতুন গণতান্ত্রিক পথে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাদের পথচলা কুসুমাস্তীর্ণ নয়। গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, হাজার হাজার মানুষকে গুম ও গোপন বন্দিশালায় হত্যা করা হয়েছে, তার বিচার নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের প্রতিবেদনে এসব নির্যাতনের চিত্র বারবার উঠে এসেছে।
তবে বর্তমান সরকারের বিরুদ্ধেও কিছু অভিযোগ উঠছে। দ্য গার্ডিয়ান উল্লেখ করেছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষায় ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইউনূস সরকার। এছাড়া আওয়ামী লীগের দাবি অনুযায়ী, শেখ হাসিনার পতনের পর প্রতিশোধপরায়ণ হয়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং বহু নেতাকর্মী জামিন ছাড়াই কারাগারে বন্দী রয়েছেন।
দ্য গার্ডিয়ান-এর এই প্রতিবেদনে উঠে এসেছে এক জটিল ও সংঘাতময় বাস্তবতার চিত্র। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা ভারতের মাটিতে বসে হারানো সিংহাসন পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছেন, অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে স্বৈরাচারের ধ্বংসস্তূপ থেকে গণতন্ত্রকে টেনে তুলতে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এই দুই পক্ষের স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে। সীমান্ত পাড়ি দেওয়া পলাতক নেতাদের ছক কি সফল হবে, নাকি বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যানের সিদ্ধান্তে অটল থাকবে—তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক দিন।