বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।
পুলিশের ভাষ্য
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
হ্যাকিং ও বঙ্গভবনের মেইল
জামায়াতে ইসলামীর অভিযোগ ও আইটি টিমের তদন্ত অনুযায়ী, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডিটি হ্যাক করা হয়। বিকেল ৪টা ৩৭ মিনিটে ওই আইডি থেকে একটি আপত্তিকর পোস্টও করা হয়। পরবর্তীতে দলের আইটি টিম বিকেল ৫টা ৯ মিনিটে আইডিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
জামায়াতের দাবি, হ্যাকিংয়ের তদন্তে দেখা গেছে—জামায়াতের কেন্দ্রীয় অফিশিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ‘ফিশিং মেইল’ পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। আর ওই ফিশিং মেইলটি পাঠানো হয়েছিল বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল অ্যাড্রেস থেকে।
জামায়াতের অভিযোগ ও আল্টিমেটাম
এর আগে, হ্যাকিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে ওই প্রতিনিধি দল ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানানোর দাবি জানিয়েছিল।
ঘটনার দিন রাতেই জামায়াতের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনে হ্যাকিংয়ের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল।