আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৩ আসনে ‘রিকশা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার ইশতেহারে সন্ত্রাস-মাদক নির্মূল, কিশোর গ্যাং সংশোধন এবং দুর্নীতিমুক্ত আধুনিক নগরী গড়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই ১৩ দফা রূপরেখা তুলে ধরেন।
ইশতেহারের উল্লেখযোগ্য দিকসমূহ মাওলানা মামুনুল হকের ঘোষিত ১৩ দফার মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১. দুর্নীতিমুক্ত জনসেবা: ভূমি, ট্রেড লাইসেন্স ও জন্মনিবন্ধনসহ সব সেবা ডিজিটালাইজড করে দালালমুক্ত করা হবে। উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্রগতি জনসম্মখে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
২. সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল: সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। কিশোর গ্যাং সদস্যদের প্রথমে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকাসক্তদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা থাকবে।
৩. নিরাপত্তা জোরদার: ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ও সড়কবাতি স্থাপন এবং পুলিশি টহল বৃদ্ধি করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে।
৪. যানজট ও নগর ব্যবস্থাপনা: অসমাপ্ত সড়ক দ্রুত সম্পন্ন করা, ফুটপাত দখলমুক্ত করা এবং মেট্রোরেল সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। বেড়িবাঁধে এক্সপ্রেসওয়ে সংযোগ স্থাপন করা হবে।
৫. জলাবদ্ধতা ও পরিবেশ: রামচন্দ্রপুর খালসহ সব খাল উদ্ধার করে ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
৬. ব্যবসাবান্ধব পরিবেশ: ‘এক ছাতার নিচে সব সেবা’ নীতির মাধ্যমে লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে। নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় শিল্পের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
৭. শিক্ষা ও আইটি: শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাব স্থাপন এবং ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। বেদখল হওয়া খেলার মাঠ পুনরুদ্ধার করা হবে।
৮. গ্যাস-বিদ্যুৎ সমাধান: সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় দুর্নীতি রোধ করে গ্যাস, পানি ও বিদ্যুতের ন্যায্য বণ্টন ও টেকসই সমাধান নিশ্চিত করা হবে।
৯. স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন: সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং জেনেভা ক্যাম্প ও বস্তিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। টিসিবি ও ভাতা বিতরণে অনিয়ম বন্ধ করা হবে।
১০. ধর্মীয় মূল্যবোধ: সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধ করা হবে।
১১. সংস্কৃতি ও স্বাধীনতা: নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে। স্বাধীনতা ও বিজয় দিবসসহ সকল জাতীয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করা হবে।
১২. নারী ও শিশু অধিকার: নারীদের নিরাপত্তায় হটলাইন ও সিসিটিভি স্থাপন, ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান এবং শিশুশ্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিজড়া ও পতিতা বৃত্তিতে থাকাদের পুনর্বাসন করা হবে।
১৩. শহীদের সম্মান ও জবাবদিহিতা: মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবের যোদ্ধা ও শাপলা চত্বরের শহীদদের সম্মান ও অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সঙ্গে নিয়মিত ডয়ালগ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।