আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় ৩০টি মৌলিক দফা এবং ১২টি বিশেষ কর্মসূচি তুলে ধরা হয়েছে। এর মধ্যে হতদরিদ্রদের জন্য মাসিক নগদ সহায়তা, শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার এবং যুবকদের জন্য সুদমুক্ত ঋণের প্রতিশ্রুতি উল্লেখযোগ্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
১২টি বিশেষ কর্মসূচি
ইশতেহারে ঘোষিত ১২টি বিশেষ কর্মসূচির মধ্যে জনকল্যাণমূলক বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান।
প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা।
১৮ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণের সুবিধা।
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ‘স্বাস্থ্যকার্ড’ চালু এবং ভর্তুকিমূল্যে কৃষি উপকরণসহ ‘কৃষিকার্ড’ প্রবর্তন।
কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং নারী পোশাকশ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা।
ন্যাশনাল জব পোর্টাল চালু, ঢাকাসহ সব নগরে ফ্র্যাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়া।
কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়ন।
৩০ দফার উল্লেখযোগ্য দিক
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০টি মৌলিক দফার মধ্যে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে:
রাষ্ট্র পরিচালনা: রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্য এবং পর্যায়ক্রমিক রাষ্ট্রসংস্কার।
নির্বাচন ও রাজনীতি: সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় পিআর (Proportional Representation) বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন। দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করা।
সুশাসন ও বিচার: শুধু আইনের শাসন নয়, ‘ন্যায়বিচার’ ও ‘ন্যায়ের শাসন’ প্রতিষ্ঠা। গুম, খুন ও গায়েবি মামলার অবসান ঘটানো।
শিক্ষা ও কর্মসংস্থান: সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং নৈতিকতা সমৃদ্ধ বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু। বেকারত্ব দূর করে সর্বজনীন কর্মসংস্থান নিশ্চিত করা।
নারীর অধিকার: নারীদের শুধু সমঅধিকার নয়, বরং ‘অগ্রাধিকার’ প্রতিষ্ঠা করা।
ভিশন: বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে একটি উন্নত ও কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।