টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কঠিন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্য তুলে ধরেন। তিনি লিখেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে”।
পোস্টে শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেন, “বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি (শাহবাজ শরিফ) বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত”।