নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ‘অসৎ উদ্দেশ্যপ্রসূত’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টের সারসংক্ষেপ
উপ-প্রেস সচিব তার পোস্টে উল্লেখ করেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে এই প্রচারণা চালাচ্ছে। তিনি লিখেন, “যারা এ ধরনের কথা ছড়াচ্ছে, তারাই কয়েক দিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার চেষ্টা করেছিল। এখন নির্বাচন সময়মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব হাজির করছে”।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অনেক উচ্চশিক্ষিত মানুষও যাচাই-বাছাই ছাড়া এই অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দ্ব্যর্থহীন ভাষায় আশ্বস্ত করেন, বাস্তবে এসব বিভ্রান্তির কোনো ভিত্তি নেই এবং জনগণের রায়ে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কালক্ষেপণ করবে না।