আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে অপতথ্য ও ভুয়া সংবাদ ছড়ানোর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের তথ্য বলছে, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ভুয়া সংবাদ ছড়ানোর হার ৪০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সচেতন না হলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সহিংসতা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
গুজব ছড়ানোর ধরণ
ডিসমিসল্যাবের তথ্যে দেখা গেছে, পুরনো ঘটনাকে নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ২০২০ সালে চাঁদপুরের একটি হত্যা মামলার সাজার খবরকে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে মূল ধারার গণমাধ্যমের লোগো নকল করে তৈরি ফটোকার্ডে সম্পূর্ণ ভিন্ন ও বিভ্রান্তিকর তথ্য জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া, গত সোমবার জামায়াত আমিরের হ্যাক হওয়া অ্যাকাউন্ট সংক্রান্ত ঘটনায় ডিবি পুলিশের বক্তব্যকে বিকৃত করে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও প্রতিনিয়ত ভুয়া খবর ছড়ানো হচ্ছে।
ইনফ্লুয়েন্সার ও বিদেশি মিডিয়ার ভূমিকা
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কারণে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার সুযোগ সীমিত হয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব ইনফ্লুয়েন্সারের ছড়ানো তথ্য সমাজে ঘৃণা ও প্রতিহিংসা ছড়াচ্ছে।
‘দ্য ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দিন শিশির জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থকদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমও পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “গত কয়েক সপ্তাহে ভারতীয় মিডিয়া প্রায় দুইশোর মতো সংবাদ প্রকাশ করেছে, যার বেশিরভাগই সংখ্যালঘু নির্যাতন বিষয়ক। বাস্তবে নির্বাচন উপলক্ষে নির্যাতনের ঘটনা বাড়েনি। মূলত নির্বাচনকে একপক্ষীয় ও অংশগ্রহণমূলক নয় বলে প্রমাণ করতেই একটি পক্ষ উঠেপড়ে লেগেছে”।
বিশেষজ্ঞদের সতর্কতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, “দুটি দল ক্ষমতাকে কেন্দ্র করে ভোটের মাঠ উত্তপ্ত করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মিস-ইনফরমেশন বা ডিস-ইনফরমেশন ছড়ানোর কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, যার ফলে দিন দিন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে”।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নির্বাচনের সময় এ ধরনের ভুয়া সংবাদ সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে এবং মূল ধারার গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।