বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার খরচ রাষ্ট্র বহন করবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর এটিএম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নারীর নিরাপত্তা ও শিক্ষা সমাবেশে নারীদের নিরাপত্তা ও শিক্ষার ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, বাংলাদেশে সেই নিরাপদ পরিবেশ তৈরি করা হবে’। তিনি আরও বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়, তার নিশ্চয়তা বিধান করা হবে।
সংখ্যালঘু ও সম্প্রীতি দেশে কোনো ‘মেজরিটি-মাইনরিটি’ বিভাজন মানবেন না বলে স্পষ্ট জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশ শুধু মুসলমানদের নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল—সকলের। আমরা ঘোষণা দিয়েছি, দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না। সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে’।
পাচারকৃত অর্থ ও দুর্নীতি দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো। জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে’। এছাড়া কাউকেই লুণ্ঠন বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
উত্তরবঙ্গের উন্নয়ন ভাবনা নওগাঁসহ পুরো উত্তরবঙ্গকে ‘কৃষির রাজধানী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। এছাড়া অবহেলা ও দুর্নীতির কারণে নওগাঁর পর্যটন খাতে যে উন্নয়ন হয়নি, তা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কার ‘জমিদারি প্রথার রাজনীতি’ বিলুপ্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। তিনি বলেন, ‘বংশপরম্পরায় নেতা নয়, বরং রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে—আমরা কেবল যোগ্যতা ও দেশপ্রেম দেখবো’।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, ‘গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমার পুরোনো বন্ধুরা এতে শরীক হয়েছেন। আমি তাদের ক্ষমা করে দিলাম’।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণ-তরুণী ও কৃষক-শ্রমিকরা রাস্তায় নেমে বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। তাই যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।