আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) নির্বাচনী প্রচারণার শেষ জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইশতেহার ও শেষ জনসভা
রিজভী জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া প্রচারণার শেষ দিন অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ও এর আশপাশের আসনের প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন এবং সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিজভী।
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ও দলীয় প্রতীক
শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।’ তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়েই ক্ষমতায় গেছে। এতো নিপীড়ন সত্ত্বেও বিএনপিকে দমন করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন’।
সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর’।