বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে নিয়ে মানুষের মনে চরম দুশ্চিন্তা কাজ করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে রিকশা, ভ্যান, অটো ও সিএনজি চালকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঁচা-মরার প্রশ্ন ও শঙ্কা
সমাবেশে দুলু বলেন, “আজ সকল শ্রেণী-পেশার মানুষ বাঁচা-মরার প্রশ্নে রাস্তায় নেমে এসেছে। কারণ, একটি রাজনৈতিক দলকে নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। হিন্দু-মুসলিমসহ সকল মানুষ মনে করেন, যদি ওই রাজনৈতিক দল ক্ষমতায় যায়, তবে সকলের জীবন বিপন্ন হতে পারে”। তিনি আরও দাবি করেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার পাশাপাশি গণতন্ত্র রক্ষা করতে সক্ষম।
উপস্থিত নেতৃবৃন্দ
নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।