আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপন করার কথা জানানো হয়েছে।
ইশতেহারের প্রাধান্য ও ৩১ দফা
বিএনপি ঘোষিত ইশতেহারে গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, সংবিধান সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, “স্বাধীনতার পর তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি, যা বিএনপি বাস্তবায়ন করবে”।
তত্ত্বাবধায়ক সরকার ও সুশাসন
ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান জানান, ক্ষমতায় গেলে ন্যায়পাল নিয়োগের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সমাজের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
শহীদদের স্বীকৃতি ও কল্যাণ
মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রণয়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার ঘোষণা দেন তারেক রহমান। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।
বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “আমি নিজে একপাক্ষিক বিচার বিভাগের ভুক্তভোগী। তাই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।