শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সরকার এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে রাজধানীর যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ নাকচ করেছে সরকার।
জাতিসংঘের অধীনে তদন্ত
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকার শরিফ ওসমান হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে এই হত্যার তদন্ত পরিচালনার আইনি দিকগুলো সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এরই ধারাবাহিকতায় রোববার জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
সংঘর্ষ ও পুলিশের অবস্থান
শুক্রবার ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলাকালীন সংঘর্ষের বিষয়ে সরকার জানায়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী জলকামানের গাড়ির ওপর উঠে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
বিবৃতিতে দাবি করা হয়, আন্দোলনকারীদের ওপর কোনো আগ্নেয়াস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় পুলিশ জনশৃঙ্খলা রক্ষার্থে আইনানুগভাবেই ব্যবস্থা নিয়েছে।
আহতদের অবস্থা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, তাদের কারও শরীরে গুলির কোনো আঘাত নেই। বিভিন্ন মাধ্যমে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সরকার।
নির্বাচন ও আহ্বান
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল সময়ে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, দেশের ১৮ কোটি মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরাও দেশে উপস্থিত হয়েছেন। দীর্ঘ সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নাগরিকদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।