রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে গুলিবিদ্ধ হুজাইফা

নিজস্ব প্রতিবেদক / ৫৫ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র ও মরদেহ হস্তান্তর

হুজাইফার চাচা শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন”।

ঘটনার পটভূমি ও চিকিৎসা

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় জানিয়েছিলেন, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সীমান্ত পরিস্থিতি ও উদ্বেগ

মিয়ানমারে সরকারি জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় বিমান হামলা, ড্রোন হামলা ও মর্টার শেলের বিস্ফোরণ বেড়েছে। ওপারের গোলার শব্দে টেকনাফের ঘরবাড়ি কেঁপে উঠছে এবং প্রায়ই গুলি এসে পড়ছে বাংলাদেশের বসতঘর ও চিংড়িঘেরে। হুজাইফার মৃত্যুতে সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শোক প্রকাশ

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনওয়ারী পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।


এ জাতীয় আরো খবর...