জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, বরং কর্তব্য হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। এরা আমাদের মা-বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপিদের সুযোগ-সুবিধা বর্জন জনপ্রতিনিধিদের বিলাসিতা বর্জনের ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, “ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে রিক্সায় চড়ব। এছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয়, সেটাও কেউ গ্রহণ করবে না। যার সামর্থ্য আছে, তিনি পরিপূর্ণ অর্থ দিয়েই গাড়ি-ফ্ল্যাট কিনবেন”। তিনি আরও জানান, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে এবং জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে যাওয়ার দায় পূর্ববর্তী শাসকদের ওপর চাপিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন আসলে তারা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে ভুলে যান”। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে। কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এছাড়া মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করলে আর ছাড় দেওয়া হবে না”।
চা শ্রমিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি চা শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, “চা বাগানের আধুনিকায়ন ও প্রযুক্তি সমৃদ্ধ করা হবে। শ্রমিকদের জীবনমানে পরিবর্তন আনা হবে এবং তাদের একটি সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না”।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান যুগ যুগ ধরে বসবাস করে আসছে, যা একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটি হারাম। কোনো ধার্মিক মানুষ ভিন্ন ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না”।