অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতি পর্ব এখন পর্যন্ত খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণই এখন মূল চ্যালেঞ্জ। তাই আগামী এক সপ্তাহ খুবই ‘ক্রুশিয়াল’ (গুরুত্বপূর্ণ) বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
সন্তুষ্টি ও চ্যালেঞ্জ
বৈঠক শেষে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, “উই আর ভেরি হ্যাপি (আমরা খুব খুশি)।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এখন মূল লক্ষ্য হলো নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করা।
ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। প্রার্থীদের আচরণের প্রশংসা করে তিনি বলেন, “কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না। কোনো অভদ্র আচরণ বা কথা হচ্ছে না। এটি আমাদের রাজনীতির ইতিহাস ও সংস্কৃতির জন্য খুবই ইতিবাচক পরিবর্তন”।