আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে তারা।
ম্যাজিস্ট্রেট মোতায়েন
ভোটের মাঠের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আজ থেকে দায়িত্ব পালন শুরু করেছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচনের পরেও আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
ইসি’র প্রস্তুতি ও নজরদারি
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাসুদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে ইসি রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য পাবে। শঙ্কাহীন ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
লজিস্টিকস ও প্রচারণার সময়সীমা
ইতিমধ্যে দেশের সব জেলায় ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ ফেব্রুয়ারি শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। এরপরই শুরু হবে ভোটের চূড়ান্ত ক্ষণগণনা।