আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে কঠোর অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি এবং ভুয়া সনদের ব্যবহার রোধে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন।
‘আস্থা হারালে উদ্যোগ বিফল হবে’
সভায় প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির বিশাল চাহিদা রয়েছে। কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন, “চাকরিদাতারা যদি আমাদের সনদের ওপর আস্থা হারিয়ে ফেলে, তবে দক্ষতা উন্নয়নের সব উদ্যোগই বিফল হবে। তাই যেকোনো মূল্যে এই জালিয়াতি বন্ধ করতে হবে।”
স্বচ্ছতার ওপর জোর
বেসরকারি উদ্যোক্তারা যাতে আরও স্বচ্ছতা ও কার্যকরভাবে কাজ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর দেন ড. ইউনূস। তিনি দক্ষতা উন্নয়ন খাতকে দুর্নীতিমুক্ত ও বিশ্বমানের করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন যারা
উক্ত সভায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প, গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।