অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিচারিক কার্যক্রমের সক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, “সরকারের যতটুকু সংস্কার ও বিচার করার সুযোগ ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে। এখন তাদের যাওয়ার সময় হয়েছে।”
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘ছাতা তো খোলাই হলো না’
প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের কোনো মিল নেই উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “প্রধান উপদেষ্টা বলেছিলেন, এক ছাতার নিচে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই থাকবে। কিন্তু ছাতাই তো খোলা হলো না। বৃষ্টি পড়ছে, অথচ ছাতা খোলা হয়নি।”
সংখ্যালঘু নির্যাতন ও ‘বুদ্ধিবৃত্তিক অপপ্রচার’
সংখ্যালঘুদের ওপর হামলার পরিসংখ্যান নিয়ে সরকারের ব্যাখ্যার তীব্র সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। তিনি সরকারের এই দৃষ্টিভঙ্গিকে ‘বুদ্ধিবৃত্তিক অপপ্রচার ও তথ্য বিকৃতি’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “সরকারি হিসাবেই গত এক বছরে সংখ্যালঘুদের ওপর ৬৪৫টি হামলা হয়েছে। কিন্তু সরকার বলছে এর মধ্যে মাত্র ৭১টি সাম্প্রদায়িক। বাকিগুলোকে জমি বা ব্যবসা-সংক্রান্ত বিরোধ বলা হচ্ছে। এটা অদ্ভুত যুক্তি।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “নারীর ওপর যখন আক্রমণ হয়, তখন কি আমরা বলি এটা নারীর ওপর সহিংসতা নয়, বরং মানুষের ওপর সহিংসতা? ওটা যেমন সত্য, তেমনি নারী দুর্বল বলেই তার ওপর আক্রমণ হয়েছে—সেটাও সত্য। ঠিক তেমনি সংখ্যালঘুরা দুর্বল জনগোষ্ঠী বলেই তাদের ওপর সাড়ে ৬০০ আক্রমণ হয়েছে। অথচ বিচার তো দূরের কথা, তথ্য বিকৃত করা হচ্ছে।”
‘সরকারের যাওয়ার সময় হয়েছে’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “যখন বুদ্ধিবৃত্তিক অপপ্রচার বিকৃতির রূপ নেয়, তখন সেই সরকারের যাওয়ার সময় হয়ে যায়। তাদের সংস্কার সক্ষমতা এখন শেষ প্রান্তে। এখন সর্বোচ্চ যা তারা করতে পারে, তা হলো একটি ভালো ও সহিংসতাহীন নির্বাচন আয়োজন করা। সরকার যদি এই শেষ ভালো কাজটি করে যেতে পারে, তবেই ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।”
নির্বাচন ও অংশগ্রহণ
নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “অন্তর্ভুক্তির ক্ষেত্রে ঘাটতি ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। নারী, সংখ্যালঘু ও ভিন্নমতের রাজনৈতিক শক্তি—সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা ভোট না দিয়ে মত প্রকাশের কথা বলেন, তারা দেশের জন্য উপকারী চিন্তা করছেন না। ভোটই আমাদের শক্তি।”
অনুষ্ঠানের বিস্তারিত
সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ‘অঙ্গীকার থেকে অনুশীলন: রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক জবাবদিহি; বাংলাদেশের নির্বাচন-২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।