আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আকাশপথেও কড়া নজরদারি থাকবে। বিমান বাহিনী, র্যাব ও বিজিবির ড্রোনের মাধ্যমে ভোটের মাঠের পরিস্থিতির লাইভ ফিড বা সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড ইসির পাশাপাশি সরাসরি সম্প্রচার করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়েও।
ইসি’র নির্দেশনা ও চিঠি
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালককে পৃথক চিঠি পাঠিয়েছেন ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।
কেন এই ড্রোন নজরদারি?
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা দ্রুত নির্ণয় এবং তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ড্রোনের মাধ্যমে এই নজরদারি অত্যন্ত সহায়ক ও কার্যকর হবে।
লাইভ ফিড কোথায় যাবে?
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিমান বাহিনী, র্যাব ও বিজিবি নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। এসব ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে পাঠাতে হবে।
তবে বিমান বাহিনীর ক্ষেত্রে বাড়তি নির্দেশনায় বলা হয়েছে—তাদের ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদান করতে হবে, যাতে সরকার প্রধান সরাসরি পরিস্থিতির ওপর নজর রাখতে পারেন।