আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
নির্দেশনায় যা বলা হয়েছে
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির ঘোষিত বিশেষ ছুটিও বহাল থাকবে।
তবে নতুন নির্দেশনায় এই ছুটির ক্ষেত্রে কিছুটা নমনীয়তা বা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এতে বলা হয়, শিল্পাঞ্চলের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা মালিকপক্ষ চাইলে শ্রমিক-কর্মচারীদের ১০ তারিখের এই বিশেষ ছুটির পরিবর্তে চলতি মাসের সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে। অর্থাৎ, ১০ তারিখের ছুটির সঙ্গে পরবর্তী কোনো সাপ্তাহিক ছুটি সমন্বয় বা রদবদল করার সুযোগ দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন উৎপাদন ও কাজের গতি স্বাভাবিক রাখার স্বার্থেই শিল্পাঞ্চলের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।