ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নতুন নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে অভিহিত করেছেন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এই প্রার্থী এমন মন্তব্য করেন।
‘জালিয়াতির ভিডিও ঠেকাতেই এই নিষেধাজ্ঞা’
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।”
তিনি দাবি করেন, সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। বরং মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষ বা সাংবাদিকরা যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র তুলে ধরতে পারেন, তা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। তিনি বলেন, “হয়ত এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে, সেজন্যই ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।”
নিরাপত্তাহীনতা ও ভোটার উপস্থিতি কমার শঙ্কা
নিরাপত্তার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, “মোবাইল না থাকলে কোনো বিপদ হলেও কাউকে কল করে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার কারণে মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না।” তিনি বলেন, ভোটকেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোনই সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারত।
ইসির নতুন নির্দেশনা
উল্লেখ্য, গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
কেবলমাত্র প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ইসির ইতিহাসে প্রথমবারের মতো এমন কঠোর নির্দেশনা জারি করায় সাংবাদিক, বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে সংবাদ সংগ্রহ করেন, তারাও বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।