আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তাদের এই ভাষণ সম্প্রচার করবে।
সম্প্রচারের সময়সূচি
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে প্রচার হওয়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার হতে পারে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।
গতকাল যাদের ভাষণ প্রচার হয়েছে
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। বিটিভি সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করে।
নির্বাচনের সময়সূচি
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।