নাটোরের গুরুদাসপুরে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ে পুড়ে মারা গেছেন। একই ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে ১২টি ছাগল। এছাড়া গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুইজন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাউপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ঝাউপাড়া এলাকার রান্টু ইসলামের স্ত্রী আতিয়া এবং তাদের দেড় বছর বয়সী শিশু কন্যা রওজা খাতুন।
আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, ভোরে মোন্তার হোসেনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ঘটনাস্থলেই আতিয়া ও তার শিশু কন্যা মারা যান।
আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির ৫টি ঘর, একটি মুদি দোকান ও আসবাবপত্র ভস্মীভূত হওয়ার পাশাপাশি গোয়ালে থাকা ১২টি ছাগলও পুড়ে ছাই হয়ে গেছে।
আহতদের অবস্থা
এ ঘটনায় বাড়ির মালিক মোন্তার হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মর্জিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগুনের সূত্রপাত
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রশাসনের সহায়তা
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তাৎক্ষণিকভাবে নিহতদের দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।