শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ, দুর্নীতি দমনে হবো কঠোর: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৮৯ বার
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দেশবাসীর কাছে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

দায়বদ্ধতা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

তারেক রহমান বলেন, জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।” তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এটি আমার এবং বিএনপির অঙ্গীকার যে, দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

তরুণদের প্রতি আহ্বান ও ভোটের ডাক

আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদ আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারি আমি আপনাদের পরিবারকে সময় দিতে বলেছিলাম। কিন্তু এবার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমার আহ্বান—১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”

দায়িত্বের বণ্টন: ১২ ও ১৩ ফেব্রুয়ারি

ভোটারদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে। আর নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ।”

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ

অতীতের শাসনামল প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পরিকল্পনা

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০১ সালে তিনি সরকারের অংশ না হয়েও একজন কর্মী হিসেবে সারা দেশের প্রতিটি জনপদ ঘুরে বেড়িয়েছেন এবং মানুষের সমস্যা ও সম্ভাবনা বোঝার চেষ্টা করেছেন। বিদেশে থাকাকালীনও তিনি দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা হাতে-কলমে প্রস্তুত করেছি।”

পরিশেষে, দেশ ও জনগণের কল্যাণে গ্রহণ করা পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তারেক রহমান।


এ জাতীয় আরো খবর...