আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা ও প্রত্যাহার
এর আগে আজ দুপুরে ইসি জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তবে বিকেলেই সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কমিশন।
আগের নির্দেশনায় যা ছিল
দুপুরে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক চিঠিতে সারা দেশের রিটার্নিং অফিসারদের জানানো হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এই নির্দেশনা জারির পর বিভিন্ন মহল থেকে, বিশেষ করে রাজনৈতিক দল ও প্রার্থীদের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়। অবশেষে দিন শেষের আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে এল সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।