ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার একটি ভালো নির্বাচন হবে এবং এর মাধ্যমে দেশে গণতন্ত্র চর্চার সুযোগ ফিরে আসবে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও ‘ইঞ্জিনিয়ারিং’ শঙ্কা
মির্জা ফখরুল বলেন, “আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারব। বিগত ১৫ বছরে নির্বাচনে এত কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যে, অনেকেই ভালো নির্বাচনের কথা ভাবতে পারেন না। তবে আমি সামগ্রিকভাবে মনে করি, এবারের নির্বাচনে তথাকথিত ইঞ্জিনিয়ারিং খুব একটা প্রভাব ফেলতে পারবে না।” তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব নিয়ম অনুযায়ী পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন এবং বর্তমান চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থায় কারচুপির সুযোগ কম।
জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আলাপকালে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “জামায়াত অত্যন্ত কৌশলী দল। তারা বিভিন্নভাবে প্রচারণা চালায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।” তিনি অভিযোগ করেন, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে জামায়াত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও ভুয়া অপপ্রচার চালাচ্ছে। ফখরুল বলেন, “মানুষ এত বোকা না যে তাদের সহজেই বিভ্রান্ত করা যাবে। এসব অপকৌশল খুব একটা কাজে আসবে না”।
তারেক রহমানের সফর ও গণতন্ত্রের ‘গেটওয়ে’
বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ঠাকুরগাঁওয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর স্থানীয় রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে এবং বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তিনি এই নির্বাচনকে গণতন্ত্রে ফেরার ‘গেটওয়ে’ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের সংগ্রামের পর এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে।
ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গ
নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছি। ২০০৮ সালে মাত্র ৩০টি আসন পাওয়ার পরও আমরা তা স্বাগত জানিয়ে সংসদে গিয়েছিলাম। এবারও আমরা আশাবাদী”।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।