আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভোটার পরিসংখ্যান
ইসি’র দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
৩০০ আসনের মধ্যে ভোটারের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় আসন গাজীপুর-২ (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)। অন্যদিকে সবচেয়ে কম ভোটার রয়েছেন ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন)।
প্রার্থী ও দল
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে জানান, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৭৫ জন।
দলভিত্তিক প্রার্থী সংখ্যা
ইসি সূত্রে জানা যায়, দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে লড়ছেন ২৯১ জন। প্রার্থী সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), তাদের প্রার্থী ২৫৮ জন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ১৯৮ জন (লাঙ্গল) এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র ৩২ জন (শাপলা কলি) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।