শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির : রয়টার্সের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান, যিনি দীর্ঘদিনের প্রান্তিক অবস্থান থেকে উঠে এসে এবার প্রধানমন্ত্রীর পদের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন।

রয়টার্সের চোখে জামায়াতের উত্থান

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে সাদা দাড়িওয়ালা এই নেতার (জামায়াত আমির) ছবিসম্বলিত পোস্টার ও বিলবোর্ড। সেখানে ভোটারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে দেশের ‘প্রথম ইসলামপন্থী সরকারকে’ ক্ষমতায় আনার জন্য।

৬৭ বছর বয়সী ডা. শফিকুর রহমান এতদিন ইসলামপন্থী মহলের বাইরে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু আসন্ন নির্বাচনে তিনি অন্যতম ‘কি-প্লেয়ার’ হিসেবে আবির্ভূত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বাধীন জোট একসময়ের জোটশরিক বিএনপির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই গড়ে তুলবে।

রাজনৈতিক পটপরিবর্তন ও নিষেধাজ্ঞা মুক্তি

২০২৪ সালের জুলাই-আগস্টে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে। শেখ হাসিনার শাসনামলে কঠোর দমন-পীড়ন, শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড এবং দল নিষিদ্ধ হওয়ার পর জামায়াত কার্যত আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। ২০২২ সালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ডা. শফিকুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি ১৫ মাস কারাভোগ করেন।

তবে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে এবং ২০২৫ সালে আদালত তা পুরোপুরি তুলে নেয়। এরপরই দলটি প্রকাশ্যে রাজনীতিতে ফেরে এবং দ্রুত নিজেদের সংগঠিত করে।

কৌশলী প্রচারণা ও ‘দাদু ইজ কামিং’

বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণে জামায়াত আমির দক্ষতার পরিচয় দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফি মোহাম্মদ মোস্তফা বলেন, অভ্যুত্থানের পর যখন বিএনপির শীর্ষ নেতৃত্ব (তারেক রহমান) বিদেশে ছিলেন, তখন শফিকুর রহমান দেশজুড়ে সফর করে এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে দ্রুত গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।

তরুণ ও অপেক্ষাকৃত কম রক্ষণশীল ভোটারদের টানতে গত ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সঙ্গে জোট গঠন করে জামায়াত। এছাড়া শফিকুর রহমানকে নিয়ে ‘গেম অব থ্রোনস’ অনুপ্রাণিত ‘দাদু ইজ কামিং’ স্লোগানের পোস্টারও তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। তিনি নিজেকে তুলনামূলক মধ্যপন্থী, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে উপস্থাপন করছেন।

নারী ইস্যুতে বিতর্ক

জনপ্রিয়তা বাড়লেও নারীদের নিয়ে জামায়াত আমিরের অবস্থান বিতর্কের জন্ম দিয়েছে। এবারের নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি। শফিকুর রহমানের ভাষ্যমতে, নারীদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা উচিত নয়, যাতে তারা পরিবারে সময় দিতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে তার নামে ছড়ানো কিছু মন্তব্যে সমালোচনা ও প্রতিবাদ হয়। যদিও জামায়াতের দাবি, ওই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

নিজের অবস্থান ব্যাখ্যা করে শফিকুর রহমান বলেন, তারা যুক্তিসঙ্গত ও নমনীয় নীতিতে বিশ্বাসী এবং ইসলামি মূল্যবোধ জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য।


এ জাতীয় আরো খবর...