দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এমনটাই আভাস দিয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ‘তারেক রহমান: ফ্রম এক্সাইল টু এজ অব পাওয়ার’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে বড় জয়ের মধ্য দিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল।
নির্বাসন ও প্রত্যাবর্তন
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার পর টানা ১৭ বছর বিদেশে অবস্থান করেন তারেক রহমান। গত ডিসেম্বরের শেষ দিকে তিনি দেশে ফেরেন। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটেই তারেক রহমানের এই নবউত্থান ঘটেছে। মাঠপর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বা ‘ফ্রন্টরানার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ও সংস্কার
ভোটের প্রচারে তারেক রহমান একটি আধুনিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:
সাংবিধানিক সংস্কার: কোনো ব্যক্তি যাতে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সেই ব্যবস্থা করা।
অর্থনীতি: শুধু তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর না করে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প খাত গড়ে তোলা এবং অর্থনীতিকে বহুমুখী করা। এছাড়া দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়ানো ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।
পররাষ্ট্রনীতি: রয়টার্সকে তিনি জানান, তিনি ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতিতে বিশ্বাসী। কোনো একক দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
মামলা ও খালাস
শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান একাধিক দুর্নীতি ও ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত হয়েছিলেন। তবে তিনি বরাবরই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সব মামলা থেকে তিনি খালাস পান।
নেতৃত্বের ধরণে পরিবর্তন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে তারেক রহমান অত্যন্ত সংযত ও পরিমিত ভাষায় কথা বলছেন। তিনি উসকানিমূলক বক্তব্য এড়িয়ে রাষ্ট্র পুনর্গঠন এবং রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছেন।
সংক্ষিপ্ত জীবনী
১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা শুরু করলেও তা শেষ করেননি। পরে তিনি বস্ত্র ও কৃষিভিত্তিক ব্যবসায় যুক্ত হন। বর্তমানে তিনি বাবার রাজনৈতিক উত্তরাধিকার এবং নিজের আধুনিক চিন্তাধারাকে সমন্বয় করে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।