আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের আগের দিন আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীসহ সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সব উপকরণ। প্রিজাইডিং কর্মকর্তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
ভোটার ও ভোটকেন্দ্র
ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এবার ২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রশাসন
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এছাড়া ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থী ও দল
নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করছে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)। অন্যদিকে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩)।
স্থগিত আসন
শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।