আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নির্বাচন, নারীর ক্ষমতায়ন, পররাষ্ট্রনীতি এবং বিগত দিনের গুম-খুনসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
একক সরকার ও বিরোধী দলের গুরুত্ব
বিএনপি ক্ষমতায় এলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান স্পষ্ট করেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে চায়। এর ব্যাখ্যায় তিনি বলেন, “কাউকে অপজিশনে (বিরোধী দলে) থাকতে হবে। একটা ব্যালেন্সড রাষ্ট্র ও সরকার হতে হলে বিরোধী দল থাকা জরুরি। সবাই সরকারে চলে এলে দেশ কীভাবে চলবে?”
১৭ বছরের নির্বাসন ও ব্যক্তিগত শোক
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, দেশে ফেরার মাত্র পাঁচ দিন পরেই তাঁর মায়ের মৃত্যু এবং একই সঙ্গে নির্বাচনী ডামাডোল—এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ছিল তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এত বছর পর দেশে ফিরে মানুষের চোখেমুখে যে প্রত্যাশা দেখেছেন, তা তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষা
নারীদের নিয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে এই সুযোগ উচ্চশিক্ষা পর্যন্ত বিস্তৃত করা হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর গৃহিণীদের (হাউসওয়াইফ) ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে রাষ্ট্রীয় সহযোগিতা দিয়ে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
পররাষ্ট্রনীতি ও ভারত প্রসঙ্গ
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, তিনি তাঁর দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন। তাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে স্বাভাবিকভাবেই সেই দেশের সঙ্গে দূরত্ব তৈরি হবে।
দুর্নীতি ও ঋণখেলাপি প্রসঙ্গ
দলের প্রার্থীদের ঋণখেলাপি হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি এবং ঋণখেলাপি (ব্যাংক ডিফল্ট) দুটি ভিন্ন বিষয়। বিগত স্বৈরাচারী সরকার বিএনপির নেতাকর্মী ও ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করেছে এবং ব্যবসা করতে দেয়নি। ন্যায্য ব্যাংক লোন থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের ডিফল্ট হওয়াটা স্বাভাবিক, যার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই।
গুম-খুনিদের বিচার
বিগত ১৫-১৬ বছরে গুম ও খুনের ঘটনার বিচার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু রাজনৈতিক নেতাকর্মীই নন, সাধারণ মানুষও গুম-খুনের শিকার হয়েছেন। দেশের আইন অনুযায়ী প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং বিএনপি সেই বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এছাড়া নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ তাদের রায় দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে না, শক্তি প্রয়োগ করে তাকে টিকিয়ে রাখা যায় না—৫ আগস্ট তার বড় প্রমাণ।