আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত রাখার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে দেখা যাচ্ছে, এখনো বিপুল সংখ্যক বৈধ অস্ত্র জমা পড়েনি।
পরিসংখ্যান কী বলছে?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ব্যক্তিমালিকানাধীন আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স সংখ্যা ৪৮ হাজার ২৮৩টি। সরকারি নির্দেশনার পর সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা পড়েছে। তবে সময়সীমা পার হওয়ার পরও ২০ হাজার ২৮৮টি অস্ত্র এখনো জমা পড়েনি, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য শঙ্কার কারণ হতে পারে।
নির্দেশনা ও সময়সীমা
এর আগে গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারিকে অস্ত্র জমার শেষ সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ ছিল, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ত্রগুলো কাদের হাতে?
জানা গেছে, জমা না পড়া অস্ত্রের একটি বড় অংশ আওয়ামী লীগ সরকারের শাসনামলে লাইসেন্স করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্রের মালিকদের অনেকেই বর্তমানে দেশের বাইরে পালিয়ে গেছেন অথবা দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন।
আইজিপির বক্তব্য
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। থানা থেকে লুট হওয়া ও জমা না পড়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি (থ্রেট)। এর বাইরেও বিভিন্নভাবে দেশে অস্ত্র প্রবেশ করে। এসব মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”