আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার আকাশপথেও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ভোটের মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ বিমানবাহিনী ব্যবহার করবে অত্যাধুনিক মানুষবিহীন আকাশযান বা ইউএভি (UAV)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরদারিতে ৩,৭৩০ সদস্য ও অত্যাধুনিক যান
কর্মকর্তারা জানান, নির্বাচন সফল ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর। এ লক্ষ্যে সারা দেশে বিমানবাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার ও পরিবহন বিমানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একাধিক ইউএভি মোতায়েন করা হয়েছে। এগুলো মূলত আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসার্স) ভূমিকায় কাজ করবে।
তাৎক্ষণিক ব্যবস্থা ও লাইভ ফিড
এসব ইউএভি আকাশ থেকে ভূমির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আভাস মিললে আকাশ থেকেই মাঠে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটের মাঠের ‘লাইভ ফিড’ বা সরাসরি দৃশ্য কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, মোতায়েনকৃত ইউএভিগুলো বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ (স্ট্র্যাটেজিক অ্যাসেট), যা বর্তমানে নির্বাচনের কাজে সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে।